বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
তিন বছর মেয়াদে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ বিষয়ক এক প্রজ্ঞাপনে বলা হয়, আবদুর রহমান খানকে অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে আবদুর রহমান খান বাংলাদেশের হয়ে সংস্থার সংশ্লিষ্ট কার্যক্রম ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় দায়িত্ব পালন করবেন।
২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. আবদুর রহমান খান। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন। চলতি বছরের ২৯ জুন এনবিআরের চেয়ারম্যান হিসেবে তার চাকরির মেয়াদ শেষ হয়।
