People Voice
খেলাধূলা

বিশ্বকাপজয়ীদের হাতে ‘চ্যাম্পিয়নশিপ আংটি’ তুলে দেবে ফিফা

ফুটবল বিশ্বকাপের এবারের আসরে চ্যাম্পিয়নদের জন্য ট্রফির পাশাপাশি বিশেষ আংটির ব্যবস্থা করেছে ফিফা। আমেরিকান ক্রীড়া সংস্কৃতিতে বিজয়ী দলকে আংটি দেওয়ার দীর্ঘদিনের প্রথা রয়েছে।

ফিফা জানায়, ২০২৬ সালের টুর্নামেন্টকে সম্মান জানিয়ে সুনির্দিষ্টভাবে নম্বর দেওয়া মাত্র ২,০২৬টি আংটি তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি আংটি উপহার দেওয়া হবে বিজয়ী দলকে। আর বাকি ১,৯৯৬টি আংটি বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বাজারে ছাড়া হবে। এর ফলে সমর্থকেরাও ২০২৬ বিশ্বকাপের একটি অনন্য স্মারক নিজের কাছে রাখার সুযোগ পাবেন।

আংটিটির একপাশে খোদাই করা থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি। আর অন্যপাশে বিজয়ী দলের নিজস্ব পরিচয় ফুটিয়ে তোলা হবে।

ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে এই বিশেষ মুহূর্তের স্মারক হিসেবে সাময়িক কিছু আংটি দেওয়া হবে। পরবর্তীতে বিজয়ীদের জন্য নির্ধারিত ৩০টি আংটি তাদের চাহিদামতো কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে ডোনাল্ড ট্রাম্প ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন। যদিও এবারের আসরের ১০২টি ম্যাচের একটিতেও এখন পর্যন্ত তিনি মাঠে যাননি। এমনকি শেষ ১৬-র লড়াইয়ে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার আগে আয়োজক যুক্তরাষ্ট্রের কোনো ম্যাচেও তাকে দেখা যায়নি।

ট্রাম্পের বড় ক্রীড়া আসরে উপস্থিত থাকার পুরনো ইতিহাস রয়েছে। তিনি এর আগে সুপার বোল, ইউএস ওপেন টেনিস, এনবিএ ফাইনাল এবং রাইডার কাপে উপস্থিত ছিলেন। এছাড়া তিনি হোয়াইট হাউসে ইউএফসি-র আসরও আয়োজন করেছেন।

এদিকে কানাডার দাবানলের কারণে নিউ ইয়র্কের বায়ুমান নিয়ে সতর্কতা জারি করা হলেও মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে এর কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে। ফাইনালের আগে আজ মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। আর আগামীকাল রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে আর্জেন্টিনা ও স্পেন।

Related posts

বিসিবি সভাপতির উপদেষ্টা মনোনয়ন ‘গঠনতন্ত্র বহির্ভূত’

News Desk

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

News Desk

মাঠে যেতে পারে আর্জেন্টিনার উগ্র সমর্থক গোষ্ঠী, সতর্কবার্তা

News Desk