বাংলাদেশে উৎপাদিত অত্যন্ত জনপ্রিয় ফল ‘কাঁঠাল’ এবার চীনে রপ্তানি করার বড় উদ্যোগ নিয়েছে সরকার। চীন সফরে গিয়ে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এর মাধ্যমে দেশটিতে কাঁঠাল রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।
সংসদে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কিছুদিন আগে চীন সফরে গিয়ে আমরা একটি চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশের কাঁঠাল অত্যন্ত জনপ্রিয় এবং চীনের মানুষও এটি খুব পছন্দ করে। ইনশাআল্লাহ আমরা এই দেশ থেকে তাদের কাছে কাঁঠাল রপ্তানি করব।
এই প্রসঙ্গে মালয়েশিয়ার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, চীন সফরের আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মালয়েশিয়া প্রতি বছর চীনে প্রায় ১ বিলিয়ন ডলারের ‘দুরিয়ান’ (যা দেখতে অনেকটা কাঁঠালের মতো) রপ্তানি করে। মালয়েশিয়া যদি ১ বিলিয়ন ডলারের দুরিয়ান রপ্তানি করতে পারে, তবে আমরাও ইনশাআল্লাহ চীনে কাঁঠাল রপ্তানি করতে পারব এবং এর মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব।
এর আগে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য তাঁর এলাকায় প্রচুর পরিমাণে লেবু, আনারস ও কাঁঠাল উৎপাদন হওয়ার কথা উল্লেখ করে সেখানে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি জানান।
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, বেশ কয়েক বছর আগে সেখানে একটি আনারসের ইন্ডাস্ট্রি করা হয়েছিল, যা পরবর্তীতে বিভিন্ন কারণে সাপোর্ট না পেয়ে বন্ধ হয়ে যায়। সরকার বর্তমানে দেশের বিভিন্ন বন্ধ মিল-কারখানা, বিশেষ করে কৃষি খাতের ফ্যাক্টরিগুলো পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করছে। ফুলবাড়ীয়া এলাকায় নতুন কোনো ইন্ডাস্ট্রিয়াল জোন করার পরিকল্পনা এই মুহূর্তে না থাকলেও, যে কারখানাটি বন্ধ হয়ে গেছে সেটি কীভাবে আবার সচল করা যায়, সরকার সেই চেষ্টা করছে।
