People Voice
জাতীয়

৬০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা: বগুড়া সিটি

দীর্ঘদিনের পৌরসভা পরিচয় পেরিয়ে সম্প্রতি সিটি করপোরেশনে উন্নীত হয়েছে বগুড়া। নতুন এ নগর প্রশাসনের সামনে যেমন বেড়েছে সম্ভাবনা, তেমনি বেড়েছে চ্যালেঞ্জও। যানজট, জলাবদ্ধতা, ফুটপাত দখল, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, জনবল সংকট ও নাগরিক সেবার জটিলতার মতো সমস্যাগুলোর সমাধানে ইতোমধ্যে বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বগুড়া সিটি করপোরেশন।

প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে ২১টি ওয়ার্ডে প্রায় ৬০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। বিশেষ করে নতুন অন্তর্ভুক্ত ও দীর্ঘদিন অবহেলিত এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন  এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান। তিনি বলেন, শহরের সবচেয়ে বড় সমস্যা এখন যানজট ও জলাবদ্ধতা। এ দুটি সমস্যাকে সামনে রেখে প্রথম পর্যায়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন এবং ফুটপাত উদ্ধার কার্যক্রম চালানো হবে।

প্রশাসকের ভাষ্য, ইতোমধ্যে বনানী-মাটিডালি এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির কাজ চলছে।

যানজট নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং নগর নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রথম ধাপে প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সিটি করপোরেশন। আগামী এক মাসের মধ্যে এই কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে বনানী থেকে মাটিডালি পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার ব্যস্ত সড়ককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই সড়কটি উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ঢাকা-রংপুর মহাসড়ক থেকে প্রতিদিন হাজার হাজার যানবাহন এই করিডোর ব্যবহার করে শহরে প্রবেশ ও বের হয়। একই সঙ্গে এখানে রয়েছে আন্তঃজেলা বাস কাউন্টার, বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা।

পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে ২১টি ওয়ার্ডে প্রায় ৬০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন অবহেলিত ১৩ থেকে ২১ নম্বর ওয়ার্ডকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। নাগরিকদের অভিযোগ ও পরামর্শ সরাসরি গ্রহণের জন্য প্রশাসক প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকার ঘোষণা দিয়েছেন।

Related posts

দেশের বৈদেশিক ঋণ ৭৮,২২৩ মিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ: আমির খসরু

News Desk

নারীরা এগিয়ে যাবে, কেউ দাবায়ে রাখতে পারবে না

fz@admin

পুলিশের তালিকায় থাকে না অনেক তথ্য

News Desk