People Voice
লিড নিউজ

অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির অভিযোগ,দুদকের অনুসন্ধান চান স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সবকটির তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার রাতে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘যারা এখন দুর্নীতি ও বিদেশি ঋণের জবাবদিহি দাবি করছেন, তাদেরও এ ধরনের তদন্তকে স্বাগত জানানো উচিত। কোথায় দুর্নীতি হয়েছে, কীভাবে হয়েছে এবং কারা এর জন্য দায়ী ছিল, তা দুদক খুঁজে বের করুক।’

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ওঠা দুর্নীতির অভিযোগগুলোরও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

সংসদে এর আগে দেওয়া বক্তব্যের জবাবে সালাহউদ্দিন জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন ভূমিকা এবং দলটি আদৌ ধর্মভিত্তিক দল কি না, সে প্রশ্নও তোলেন। তিনি বলেন, জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দলটির ইতিহাস ১০০ বছরের বলে দাবি করলেও বাস্তবে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪১ সালে।

তিনি উল্লেখ করেন, ‘দেশভাগের পর ভারত ও পাকিস্তানে তৎকালীন জামায়াতে ইসলামীর আলাদা আলাদা শাখার সৃষ্টি হয়। পরবর্তীতে বাংলাদেশে তারা পুনর্গঠিত হয়। তিনি জানান, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র গঠনের উদ্যোগে আপত্তি জানিয়েছিল তৎকালীন জামায়াতে ইসলামী। দলটির ইতিহাস নিয়ে যেকোনো আলোচনায় ১৯৭১ সালে তাদের ভূমিকার বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে। ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে স্পষ্ট বলা হয়েছে, ওই সময় জামায়াত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। এভাবে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মালেকের মন্ত্রিসভায় জামায়াতের দুজন সদস্য ছিলেন।

‘১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমতি দেন। তারপর আপনারা জামায়াতে ইসলামী বাংলাদেশ হয়েছেন’, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন।

তিনি আরও বলেন, ১৯৮৬ সালে হুসেইন মুহাম্মদ এরশাদের অধীনে আয়োজিত সংসদীয় নির্বাচনে বেশিরভাগ বিরোধী দল অংশগ্রহণ না করলেও জামায়াতে ইসলামী অংশ নেয়। পাশাপাশি, তারা আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলনেও যোগ দেয় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Related posts

রাকিব হত্যার মূল আসামী ইয়াসিনকে ধরছে না পুলিশ, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

News Desk

চীনের কারিগরি সহায়তায় ২৬-২৭ অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পানিসম্পদমন্ত্রী

News Desk

ডাকসু নির্বাচনে বাধা নেই,হাইকোর্টের আদেশ স্থগিত

News Desk