স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ। গ্রুপ ‘সি’–এর সমীকরণে ব্রাজিল এগিয়ে। ২ ম্যাচে ৪ পয়েন্ট। কিন্তু এই সমীকরণের ভেতরে আরেকটি গল্প আছে, যা সংখ্যায় ধরা পড়ে না। হ্যাঁ, ব্রাজিলের ফুটবল যেন এখনো পুরোপুরি জেগে ওঠেনি।
মরক্কোর সঙ্গে ১–১ ড্র। নিস্তেজ, প্রায় অন্যমনস্ক প্রথমার্ধ। এরপর হাইতির বিপক্ষে ৩–০ জয়। সেখানে আবার দেখা গেছে ঝলক, কিন্তু তা যেন পুরো আলো নয়, শুধু বিদ্যুৎ–চমকের মতো ক্ষণিক ঝলকানি। যেন এক বিশাল সিম্ফনি বাজছে, কিন্তু প্রধান বেহালাটি এখনো মঞ্চে ওঠেনি। সেই বেহালা—নেইমার।
৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। নামের পাশে প্রতিভার যে প্রমাণপত্র নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন, গত দেড় দশকে তা ক্রমে রূপ নিয়েছে এক মোটা মেডিক্যাল ফাইলে। পুরো ক্যারিয়ারে ৬৫১ দিন তিনি মাঠের বাইরে কাটিয়েছেন গোড়ালির লিগামেন্ট, হাঁটুর ক্রুশিয়েট টিয়ারের ক্ষত এবং আরও কত চোট নিয়ে!
তবু ব্রাজিল তাঁকে ডেকেছে। কোচ কার্লো আনচেলত্তি জানেন, বড় মঞ্চে অভিজ্ঞতার মূল্য কতটা। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরা। চোট জর্জর এক অধ্যায় পেরিয়ে আবার বিশ্বকাপের মঞ্চে ফিরে আসার গল্প, কিন্তু গল্পটি এখনো অসম্পূর্ণ। কারণ, এই টুর্নামেন্টে এখনো তাঁর পা বল ছোঁয়নি।
গত সপ্তাহে নেইমার পূর্ণ অনুশীলনে ফিরেছেন। গত সোমবার প্রথমবার দলের সঙ্গে ট্যাকটিক্যাল সেশন করেছেন, যা দেখে সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেল্লি বলেছেন, ‘ওকে দেখলেই বোঝা যায়, কতটা ক্ষুধার্ত।’ এ ক্ষুধা শুধু মাঠে নামার নয়, আরও একবার নিজেকে প্রমাণ করার। প্রশ্ন এখন একটাই—তিনি খেলবেন কি না?
হয়তো শুরু করবেন বেঞ্চে। হয়তো শেষ আধা ঘণ্টায় নামবেন। কিন্তু তাঁর উপস্থিতি, এমনকি সম্ভাবনাটুকুও ম্যাচের আবহ বদলে দেয়।
কারণ, নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি ব্রাজিলের ফুটবলীয় স্মৃতির একটি সেতু। একদিকে পেলের সোনালি অতীত, অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়রের ঝলমলে বর্তমান—এই দুই সময়কে যুক্ত করে রাখেন তিনি।
ভিনিসিয়ুস এখন দলের প্রাণ। সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচে ৬ গোলের অবদান। ৩ গোল, ৩ অ্যাসিস্ট। তাঁর গতি, ড্রিবল, সিদ্ধান্ত—সবই আধুনিক ফুটবলের ভাষা। কিন্তু নেইমারের ভাষা অন্য রকম। একটু কবিতার মতো, একটু অপ্রত্যাশিত, একটু অসম্ভবকে সম্ভব করার জেদ।
এবার প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইতিহাস যাদের পক্ষে নয়। বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে কখনো জেতেনি। ব্রাজিলের বিপক্ষে ৪ ম্যাচে ৪ হার, ১ ড্র। কিন্তু ইতিহাস কখনো কখনো শুধু প্রেক্ষাপট। গল্পটা লেখা হয় বর্তমানেই।
