People Voice
অপরাধ

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানা, গ্রেপ্তার ৪

ঢাকার কেরানীগঞ্জে একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল, সরঞ্জাম ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ১০–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন—মো. আলমগীর (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া বেগম (৩০)।

মোহা. আসাদুজ্জামান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১ হাজার ৯৬৮টি ইয়াবা, এই মাদক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, উৎপাদন-সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, তারা প্রায় দুই বছর ধরে ইয়াবা উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকটি কারখানার অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

র‍্যাব ১০–এর অধিনায়ক বলেন, গ্রেপ্তারদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে। তবে গ্রেপ্তাররা সবাই পেশাদার মাদক কারবারি।

আসাদুজ্জামান বলেন, ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো অবৈধ নয়। বিভিন্ন শিল্পকারখানায় সেগুলোর বৈধ ব্যবহার রয়েছে। তবে এই চক্র সেগুলো ব্যবহার করে ইয়াবা উৎপাদনের কৌশল তৈরি করেছে। কাঁচামালের উৎস ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, চক্রটি কামরাঙ্গীরচর, পুরান ঢাকা ও আশপাশের এলাকায় তাদের মাদক ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related posts

টাকা লুটে সাবেক সেনা ও পুলিশ সদস্যরা জড়িত : ডিএমপি

News Desk

অস্ত্র নয়, জনগণের আস্থাই শক্তি

News Desk

ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

News Desk