People Voice
রাজনীতি

ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন, শিক্ষামন্ত্রীকে হাসনাত

বিএনপি সরকারের পায়ের তলায় মাটি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপির জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংসদে দাঁড়িয়ে দম্ভের সঙ্গে বলেছেন, সংবিধান সংস্কার কমিটি নাকি সংবিধানে নাই। এটা না থাকলে ২০২৬ সালের নির্বাচনও কোনো সংবিধানে ছিল না।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে, আপনার থাকার কথা ছিল শিলং, প্রধানমন্ত্রীর থাকার কথা লন্ডনে। আর নেতাকর্মীদের ঢাকায় রিকশা চালানো ও ধানখেতে থাকার কথা।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, এই সংবিধানের বিরুদ্ধে ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা ছাত্র-জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন আপনাদের পায়ের তলায় মাটি নেই।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ।

২০২৬ সালের শিক্ষার্থীরা আপনাদের বুঝিয়ে দিচ্ছে, ওই স্ট্যান্টবাজি আর বাংলাদেশে চলবে না। এইচএসসি পরীক্ষার্থীদের হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে ডুবিয়ে ডুবিয়ে পরীক্ষা দিতে আপনি বাধ্য করেছেন।

‘আপনি প্রশ্নে দুটি সৃজনশীল ভুল দিয়েছেন। ভুল প্রশ্নে কেউ যখন উত্তর মেলাতে পারেন না, তখন পরীক্ষার্থীর মানসিক অবস্থা কেমন হয়, আপনি চিন্তা করেন’, বলেন তিনি।

শিক্ষামন্ত্রীর উদ্দেশে হাসনাত বলেন, আপনি যাদের ফার্মের মুরগি বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রিত্ব করছেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা গিনিপিগ নয়। তাদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর নতুন নতুন জিনিস শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেন। এক্সপেরিমেন্ট ফেল করলে তা আবার তুলে দেন। কারণ আপনাদের সন্তানদের দেশে না বিদেশে লেখাপড়া করান। পরের সন্তানদের নিয়ে রাজনীতি করবেন, এক্সপেরিমেন্ট করবেন, এই বাংলাদেশে আর তা হবে না।

পরীক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণ করতে শিক্ষামন্ত্রীকে আহ্বান জানিয়ে হাসনাত বলেন, তা না হলে তারা যদি রাজপথে নেমে দৃঢ় অবস্থান নেয়, তাহলে আপনার পাটাতন যে ততটা শক্ত নয়, আজকের অর্ধবেলার আন্দোলনেই তা স্পষ্ট হয়ে গেছে।

Related posts

আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় : সারজিস আলম

News Desk

রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির

News Desk

বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকার ভাতা চালু করবে: তারেক রহমান

News Desk