ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
বুধবার (১৫ এপ্রিল) করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বার্তা পৌঁছে দেওয়া এবং সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা সমন্বয়ের লক্ষ্যে সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদল ইরান সফর করছে। সেখানে তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখাও আসিম মুনিরের ইরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও প্রতিনিধিদলে রয়েছেন।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, উচ্চপর্যায়ের এই পাকিস্তানি প্রতিনিধিদল ওয়াশিংটনের নতুন বার্তা নিয়ে আসছে এবং দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে আলোচনা করতে পারে।
ইরান বুধবার নিশ্চিত করেছে যে, ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পরও পাকিস্তানের মাধ্যমে দুই পক্ষ যোগাযোগ বজায় রেখেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস্মাইল বাকায়ি সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ‘রোববার ইরানি প্রতিনিধিদল তেহরানে ফেরার পর থেকে পাকিস্তানের মাধ্যমে কয়েক দফা বার্তা আদান-প্রদান হয়েছে।’
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হলেও কোনও চুক্তি ছাড়াই তা শেষ হয়। তবে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।
