People Voice
আন্তর্জাতিক

জাতিসংঘে ভোটের প্রচারণায় ৩ দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে তিন দেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তুরস্কের আঙ্কারায় আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণ, ব্রাসেলসে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) প্রাথমিক প্রক্রিয়া সই এবং আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর আদ্দিস আবাবায় ভোটের প্রচারণাই এই সফরের মূল লক্ষ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রী ১৭-১৯ এপ্রিল তুরস্ক সফর করবেন। আঙ্কারা থেকে ১৯ এপ্রিল তিনি ব্রাসেলস যাবেন। সেখানে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কালা কালাসসহ ইইউ’র কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি আদ্দিস আবাবায় যাবেন এবং ২৩ এপ্রিল পর্যন্ত সেখানে অবস্থান করবেন। তিন দেশেই মন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় তুরস্কে ১৭-১৯ এপ্রিল পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং ফোরামে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন। ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া, ফোরামে অংশ নিতে আসা বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও তার সাক্ষাতের সুযোগ হবে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত মার্চের মাঝামাঝিতে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। সে সময় তিনি ভোট চাইতে তুরস্ক সফরে যান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রচারের সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

আগামী জুন মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভোটে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ।

Related posts

ভারত-পাকিস্তান সংঘাতে ছড়াচ্ছে ভুল তথ্য

News Desk

পাকিস্তানি সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আপ্যায়ন

News Desk

বাংলাদেশে সংকটের জন্য বাইরের কাউকে দোষারোপ করা যায় না: ভারত

News Desk