People Voice
লিড নিউজ

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে ট্রাকভাড়া

যশোরের বারীনগর পাইকারি সবজির মোকাম থেকে সোমবার ১৫টি ট্রাকে সবজি বোঝাই করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দূরত্ব অনুযায়ী অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কেবল বারীনগরের সবজি মোকামই নয়, বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকায় পণ্য পরিবহনেও গুনতে হচ্ছে বাড়তি টাকা।

ব্যবসায়ীরা জানান, বারীনগর পাইকারি মোকাম থেকে ঢাকায় পাঁচ টনের ট্রাকে সবজি নিতে এক হাজার টাকা আর বেনাপোল থেকে ঢাকায় সাড়ে ১২ টনের ট্রাকে পণ্য নিতে অতিরিক্ত সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

এর আগে রোববার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটারে দাম বেড়েছে ২০ টাকা। ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, পেট্রল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। রাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বারীনগর মোকামের পাইকারি সবজি ব্যবসায়ী আতিয়ার রহমান প্রতিদিনের মতো সোমবারও কৃষকদের কাছ থেকে পটোল, শিম ও মুলা কিনে ঢাকার যাত্রাবাড়ী ও মিরপুর কাঁচাবাজারে পাঠান। পাঁচ টন ধারণক্ষমতার ট্রাকে সবজি পাঠিয়েছেন তিনি। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে অতিরিক্ত এক হাজার টাকা ভাড়া গুনতে হয়েছে তাঁকে। যশোর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ট্রাকভাড়া দিতে হয়েছে ২০ হাজার টাকা, যা আগের দিনও ছিল ১৯ হাজার টাকা।

আতিয়ার রহমান বলেন, রোববার বারীনগর বাজার থেকে ৩০ টাকা কেজি পাইকারি পটোল কিনে ঢাকার যাত্রাবাড়ী সবজির মোকামে বিক্রি করেছি ৩২ টাকা কেজি। এতে প্রতি কেজিতে ৭ থেকে ৮ টাকা লোকসান গুনতে হয়েছে। ঢাকায় সবজির সরবরাহ বেড়েছে, অথচ মানুষের হাতে টাকা নেই। সব জিনিসের দাম বাড়লেও পাইকারি বাজারে সবজির দাম বাড়েনি। এতে কৃষকেরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ব্যবসায়ীরা জানান, সোমবার বারীনগর বাজার থেকে চার ট্রাক সবজি ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া শরীয়তপুর, পটুয়াখালী, মাদারীপুর, ভোলা, বরগুনা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে আরও ১১ ট্রাক সবজি।

ভাড়া বৃদ্ধির একই চিত্র দেখা গেছে সীমান্ত শহর বেনাপোলেও। স্থলবন্দরটি থেকে ঢাকায় ১২ টন ধারণক্ষমতার একটি ট্রাকে পণ্য নিতে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।

বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর থেকে সাড়ে ১০ টন ধারণক্ষমতার একটি কাভার্ড ভ্যানে পণ্য ঢাকায় (কাঁচপুর) নিতে আড়াই হাজার টাকা অতিরিক্ত খরচ গুনতে হয়েছে। আর খোলা ট্রাকে ভাড়া বেড়েছে এক থেকে দেড় হাজার টাকা।

বেনাপোলের অর্পা-অপ্সরা ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সোমবার বেনাপোল থেকে সাড়ে ১০ টনের কাভার্ড ভ্যানে করে তৈরি পোশাকপণ্য ঢাকার কাঁচপুরে নিতে ২২ হাজার টাকা ভাড়া নেওয়া হয়েছে। গত শনিবারও এই ভাড়া ছিল ১৮ থেকে ১৯ হাজার টাকা। ভাড়া বাড়ানো হয়েছে তিন থেকে চার হাজার টাকা। আর ১২ টনের খোলা ট্রাকের ভাড়া বেড়েছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা।

পরিবহন খরচ বাড়ার এই প্রভাব সরাসরি গিয়ে পড়বে পণ্যের ওপর। কাঁচামাল ও প্রয়োজনীয় সামগ্রী পরিবহনে বাড়তি ব্যয় যুক্ত হওয়া মানেই ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যাওয়া। এটি সামাল দেওয়া ইতিমধ্যে চাপে থাকা সাধারণ মানুষের পক্ষে আরও কঠিন হবে।

Related posts

ডিসেম্বরে নির্বাচন চাইছে একটি দল,দাবি ড. ইউনূসের

News Desk

ফুলের রাজ্যে ঘুরে দাঁড়ানোর মুখে নতুন শঙ্কা ওমিক্রন

fz@admin

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

News Desk