People Voice
আইন আদালত

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

আওয়ামী লীগ সরকারের সময়ে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ গতকাল এ রায় দেন। ড. ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে মামলাটি প্রত্যাহারের যে পদক্ষেপ দুদক নিয়েছিল, সেটিও সঠিক ছিল না বলে পর্যবেক্ষণ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

রায়ের ফলে আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি বাতিল হয়ে গেল বলে জানান উভয় পক্ষের আইনজীবীরা। আদালতে আপিলকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি করেন। অন্য ছয় কর্মকর্তা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এসএম হাজ্জাতুল ইসলাম লতিফী।

একপর্যায়ে অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে গত বছরের ৮ জুলাই হাইকোর্টে আবেদন করেন মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ছয় কর্মকর্তা। ওই আবেদনের শুনানি শেষে আবেদনটি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা।

এর মধ্যেই আবার রাষ্ট্র বা দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। গত বছরের ১১ আগস্ট সেই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক। অন্যদিকে লিভ টু আপিল মঞ্জুর করে ২১ অক্টোবর আপিল বিভাগ আদেশ দেন। সে অনুযায়ী আপিল শুনানি শেষে গতকাল রায়ের দিন ধার্য করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Related posts

জমিদার ঈষান সরকারের সম্পত্তির ওপর হাইকোর্টের স্থিতাবস্থা

fz@admin

কাঠগড়ায় কাঁদলেন, নির্যাতনের অভিযোগ করলেন তুরিন

News Desk

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট

News Desk